রুকইয়াহ পরিচিতি ও উত্তম ফলাফল পাওয়ার উপায়

রুকইয়াহ পরিচিতি ও রুকইয়াহ করে উত্তম ফলাফল পাওয়ার উপায়।
রুকইয়াহ কী?
রুকইয়ার শাব্দিক অর্থ হচ্ছে- ঝাড়ফুঁক করা, মন্ত্র পড়া, তাবিজ-কবচ, মাদুলি ইত্যাদি।
আর রুকইয়াহ শারইয়্যাহ (
رقية شرعية
) মানে শরিয়াত সম্মত রুকইয়াহ।
রুকইয়ার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে- কোরআনের আয়াত অথবা হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা, তবে স্বাভাবিকভাবে ‘রুকইয়াহ’ শব্দটি দ্বারা ঝাড়ফুঁক করা বুঝায়।
এই ঝাড়ফুঁক সরাসরি কারো ওপর হতে পারে, অথবা কোনো পানি বা খাদ্যের ওপর করে সেটা খাওয়া অথবা ব্যবহার করা হতে পারে, এক্ষেত্রে রুকইয়ার পানি, অথবা রুকইয়ার গোসল ইত্যাদি পরিভাষা ব্যবহার হয়, আর সবগুলোই সালাফে সালেহিন থেকে বর্নিত আছে।
রুকইয়ার বিধানঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রুকইয়াহতে যদি শিরক না থাকে, তাহলে কোনো সমস্যা নেই।” (সহীহ মুসলিম, হাদিস নং ৫৫৪৪) ।
বিশুদ্ধ আক্বিদাঃ
উলামায়ে কিরামের মতে রুকইয়াহ করার পূর্বে এই আক্বিদা স্পষ্টভাবে জানিয়ে দেয়া উচিত ‘রুকইয়াহ বা ঝাড়ফুঁকের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহ তা’আলার, আল্লাহ চাইলে শিফা হবে, নইলে নয়।’
প্রয়োগ ভেদে রুকইয়ার প্রকারভেদঃ
বিভিন্ন ভাবে রুকইয়াহ করা হয়, যেমন-
১. দোয়া বা আয়াত পড়ে ফুঁ দেয়া হয়।
২. মাথায় বা আক্রান্ত স্থানে হাত রেখে দোয়া/আয়াত পড়া হয়।
৩. পানি, তেল, খাদ্য বা অন্য কিছুতে দোয়া অথবা আয়াত পড়ে ফুঁ দিয়ে খাওয়া ও ব্যবহার করা হয়।
পূর্বশর্তঃ
রুকইয়াহ করে উপকার পেতে তিনটি জিনিসের প্রয়োজন-
১. নিয়ত (কেনো রুকইয়াহ করছেন, সেজন্য নির্দিষ্টভাবে নিয়ত করা)।
২. ইয়াক্বিন (এ ব্যাপারে ইয়াকিন রাখা যে, আল্লাহর কালামে শিফা আছে, তিনি চাইলে শিফা হবে, নইলে নয়)।
৩. মেহনত (অনেক কষ্ট হলেও, সুস্থ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে রুকইয়াহ চালিয়ে যাওয়া, কিছুতেই অফ না করা)।
লক্ষণীয়ঃ
রুকইয়ার ফায়দা ঠিকমতো পাওয়ার জন্য-
১. দৈনন্দিনের ফরজ আমলগুলো অবশ্যই পালন করতে হবে।
২. সুন্নাতের প্রতি যত্নবান হতে হবে।
৩. যথাসম্ভব গুনাহ থেকে বাঁচতে হবে।
৪. পর্দার বিধান মেনে চলতে হবে।
৫. ঘরে কোনো প্রাণীর ছবি / ভাস্কর্য রাখা যাবেনা।
৬. নিজের শারীরিক ও মানসিক সুরক্ষার জন্য, দৈনন্দিন মাসনুন আমলগুলো গুরুত্বের সাথে অবশ্যই আদায় করতে হবে।
৭. ইতিমধ্যে শারীরিক ক্ষতি হয়ে গেলে, সেটা রিকোভার করার জন্য রুকইয়ার পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও চালিয়ে যেতে হবে। ...